দিরাইয়ে উত্তেজনার মাঝে ব্যক্তির আকস্মিক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা
- Update Time : ০১:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১৬ Time View

তৌফিকুর রহমান সুনামগঞ্জ:সুনামগঞ্জের দিরাইয়ে সংঘর্ষের ঘটনার পর রজিবুল হক (৪৫) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু ঘিরে এলাকায় নানা আলোচনা ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, সংঘর্ষের উত্তেজনার মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে।
তবে চিকিৎসক জানিয়েছেন, মরদেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
গত ১৭ নভেম্বর মঙ্গলবার সলন্ধ্যায় দিরাই উপজেলার সাদিরপুর পয়েন্টে এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় দুর্গাপুর গ্রামের বাসিন্দা ফরিদ আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে হামলার ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে রজিবুল হক বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ ও উত্তেজনার মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের একটি অংশের ভাষ্য, রজিবুল হক আগে থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তাঁদের ধারণা, অসুস্থতাজনিত কারণেও তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ফলে মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়ভাবে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হামলায় আহত ফরিদ আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। অন্যদিকে, হাসপাতালে আনা রজিবুল হকের মরদেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সব মিলিয়ে রজিবুল হকের মৃত্যু সংঘর্ষের উত্তেজনার সঙ্গে সম্পর্কিত, নাকি শারীরিক অসুস্থতাজনিত কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।




















