ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ
- Update Time : ০৩:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৪ Time View

ফ্যাসিবাদী অপশক্তি কর্তৃক দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।
ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. এ কে এম মোস্তফা আনোয়ার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ এবং কর্মচারী মো. কালাম শরীফ ও মো. মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ড কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য হতে পারে না। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কখনোই দেশের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়।
উপাচার্য আরও বলেন, দেশে অস্থিতিশীলতা ও অগ্নিসন্ত্রাসের মতো বর্বরতা চলতে থাকলে শিক্ষাব্যবস্থা, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা হুমকির মুখে পড়বে। যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এবং দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য যেন সাধারণ মানুষের জীবনযাত্রা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


























