হরিপুরে নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে “গণশুনানি”
- Update Time : ০৫:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩ Time View

গোলাম রব্বানী,হরিপুর,উপজেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা ইসলামিক ফাউন্ডেশন হলরুমে এ গণশুনানির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ (এমকেপি)। এতে সহযোগিতা করে দাতা সংস্থা নেটজ-বাংলাদেশ।
গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। জুরি প্যানেলে ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা শামসুদ্দিন ও আইনজীবী মনিকা মল্লিক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমুজ্জামান এবং হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম।
গণশুনানিতে নির্যাতনের শিকার কয়েকজন নারী তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য শোনার পর জুরি প্যানেলের সদস্য ও অতিথিরা নির্যাতনের শিকার নারীদের করণীয় এবং সম্ভাব্য প্রতিকার নিয়ে মতামত দেন।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিরোধমূলক উদ্যোগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, দ্রুত প্রতিকার, আইনগত সহায়তা ও সামাজিক জবাবদিহি নিশ্চিত করা জরুরি। নির্যাতনের শিকার নারীদের পাশে দাঁড়িয়ে তাঁদের ন্যায়বিচার ও মর্যাদা নিশ্চিত করতে সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।























