সীমান্তবর্তী নাস্তিপুরে মাদকের রমরমা ব্যবসা: সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ
- Update Time : ০৩:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ Time View

দামুড়হুদা,ক্রাইম রিপোর্টার:
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন পার কৃষ্ণপুর মদনা ইউনিয়নের সীমান্তঘেঁষা নাস্তিপুর গ্রামে গড়ে উঠেছে একটি শক্তিশালী মাদক সাম্রাজ্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের ছত্রচ্ছায়ায় গ্রামটিতে রাত-দিন অবাধে চলছে বিভিন্ন ধরণের মাদকের কারবার। এতে তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে, ব্যাহত হচ্ছে এলাকার আইনশৃঙ্খলা।
অনুসন্ধানে জানা যায়, নাস্তিপুর গ্রামটি ভৌগোলিক অবস্থানের কারণে মাদক চোরাচালানের জন্য রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি এলাকার একাধিক চিহ্নিত কারবারি সুসংগঠিত হয়ে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছে।
বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে, এলাকার মাদক কারবারের মূল নিয়ন্ত্রকদের মধ্যে অন্যতম নাস্তিপুর পূর্বপাড়ার মোঃ আবু তাহেরের ছেলে মোঃ আজিজুল হক সিন্টু (২৫) এবং একই এলাকার মৃত ফকির চৌধুরীর ছেলে রেজাবুল (৪০)। স্থানীয়দের দাবি, এই সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অথবা কৌশলে তাদের মাদক কারবার অবাধে চালিয়ে আসছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, নাস্তিপুর পূর্বপাড়াসহ গ্রামের বিভিন্ন পয়েন্টে দিন-রাত সমানতালে মাদক বেচাকেনা চলে। এর ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় অনায়াসেই মাদক পাচার হয়ে চলে আসছে খুচরা বিক্রেতাদের হাতে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তিত্ব জানান, “মাদকের অবাধ বিস্তারের কারণে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিবাদ করতে গেলে জোটে হুমকি-ধামকি।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারগুলো অতি দ্রুত নাস্তিপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা এবং এই সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দর্শনা থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে




















