সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
- Update Time : ০৫:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ Time View

মো:এরশাদ আলী,স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীসহ দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা, হুমকি ও হয়রানি বন্ধ এবং সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী প্রেসক্লাব। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুরের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিক।
মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাগর-রুনি দম্পতি হত্যার সঙ্গে জড়িত খুনি ও ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গত ২০ বছরে যেসব সাংবাদিককে হত্যা ও গুম করা হয়েছে, তাদের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। এ ছাড়া সারাদেশে সাংবাদিকদের হুমকি, নির্যাতন বন্ধ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানি অব্যাহত থাকলে সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
সমাবেশে বক্তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হুমকি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ সময় বক্তারা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর মুক্তি দাবি করেন। পাশাপাশি ৫ আগস্টের পর রাজশাহী প্রেসক্লাব জবরদখলের অপচেষ্টায় জড়িত কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ সাংবাদিকতার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী স্বার্থ রক্ষা কমিটির সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খান, এটিএন বাংলার সুজাউদ্দিন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নিরো।
উক্ত মানববন্ধনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী মডেল প্রেসক্লাব, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন, অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি, মোহনপুর প্রেসক্লাব, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব, বাংলাদেশ সম্মিলিত ডিজিটাল প্রসক্লাব, তানোর উপজেলা শাখা এবং জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয়, মহানগর, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বাঘা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।



















