র্যাবের অভিযানে দুমকিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, ধরাছোঁয়ার বাইরে চক্র
- Update Time : ১১:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৯ Time View

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর দুমকী উপজেলায় অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব-৮।
সোমবার (৭ জুলাই) ভোররাতে উপজেলার আঙ্গারিয়া বাজার সেতুর ওপর থেকে মাদকবোঝাই পিকআপটি জব্দ করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব ও দুমকী থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র্যাব-৮-এর স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে একটি দল উপজেলার আঙ্গারিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা সেতুর ওপর পিকআপটি ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে দুমকী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে র্যাবের সদস্যদের সঙ্গে পিকআপটি তল্লাশি চালায়। তল্লাশিতে পিকআপের ভেতর থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা ও পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
পটুয়াখালী র্যাব-৮-এর স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, মাদকের একটি বড় চালান এ পথে পাচার করা হবে—এমন গোপন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজাভর্তি পিকআপ রেখে পালিয়ে যায়। তিনি আরও জানান, গত এক মাসে দুমকী এলাকায় অভিযান চালিয়ে র্যাব তিনটি বড় মাদকের চালান জব্দ করেছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, র্যাবের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ পিকআপটি জব্দ করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



















