রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ
- Update Time : ০৬:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ Time View

জাহাঙ্গীর আলম সুমন,ঠাকুরগাঁও,বিশেষ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের উপস্থিতি, চিকিৎসা সরঞ্জাম ব্যবস্থাপনা এবং ভর্তি রোগীদের খাবার সরবরাহ নিয়ে নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগে রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের নির্ধারিত সময়ে সব চিকিৎসককে নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা যায় না। ফলে অনেক সময় চিকিৎসা নিতে আসা রোগীদের অপেক্ষা করতে হয়। বিশেষ করে জরুরি ও বহির্বিভাগে রোগীর চাপ বেশি থাকায় চিকিৎসকের উপস্থিতি ও সেবা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন রোগী।
এদিকে হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম নিয়েও অভিযোগ রয়েছে। রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি থাকলেও সেগুলোর সবসময় ব্যবহার নিশ্চিত হয় না বলে অভিযোগ রোগীদের। ফলে অনেক রোগীকে বাইরে গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে। এতে নিম্নআয়ের মানুষের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে।
ভর্তি রোগীদের খাবারের মান নিয়েও অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন রোগীর স্বজন জানান, খাবারের তালিকা অনুযায়ী মানসম্মত খাদ্য সরবরাহ হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা প্রয়োজন। বিশেষ করে ভাত ও অন্যান্য খাবারের মান নিয়ে রোগীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে তারা দাবি করেন।
রোগী ও স্বজনদের দাবি, হাসপাতালের চিকিৎসক, নার্স, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং খাবার সরবরাহের বিষয়গুলো নিয়মিত তদারকি করা হলে সরকারি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের উচিত রোগীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।





















