রাউজানে সার্বজনীন ঐতিহ্যের এক যুগ পূর্তিতে শ্রীশ্রী গণেশ পূজা
- Update Time : ০১:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৪ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজান উপজেলায় চিকদাইর গণেশ চতুর্থী সংঘের উদ্যোগে সার্বজনীন ঐতিহ্যের এক যুগ পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী শ্রীশ্রী গণেশ পূজা ও বিভিন্ন ধর্মীয়, মাঙ্গলিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চার দিনব্যাপী আয়োজনে শ্রীশ্রী গণপতি দেবের আগমন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ঢাকবাদ্য, শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টির মাধ্যমে গণপতিকে বরণ, সন্ধ্যা আরতি, শ্রীশ্রী গণেশ বন্দনা, সহস্র কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ধর্মীয় ভক্তিমূলক সংগীত ও নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মহাপ্রসাদ বিতরণ এবং প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে শ্রীশ্রী গণপতি দেবের আগমন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে গজাননের সন্ধ্যা আরতি ও ‘শ্রীশ্রী গণেশ বন্দনা’ পরিবেশন করেন চিকদাইরের মৃত্যুঞ্জয় মিউজিক্যাল টিম। দ্বিতীয় পর্বে চিকদাইর লোকনাথ গীতা বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সহস্র কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় ভক্তিমূলক সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, শুভ অধিবাস, ধর্মীয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল খাগড়াছড়ি পার্বত্য জেলার ধর্মীয় ব্যান্ড ‘ভৈরব’-এর পরিবেশনায় মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পূজা উপলক্ষে শ্রীশ্রী সিদ্ধিদাতা গণেশের পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। পূজায় পৌরোহিত্য করেন রাউজানের পণ্ডিত শ্রী কাঞ্চন চক্রবর্তী। পরে গণেশ দেবের ভোগ নিবেদন ও ভোগ আরতি অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় চট্টগ্রামের সুনামধন্য ঢাকি নয়ন ঢাকির পরিচালনায় তপোবন সংঘ গ্রুপের পরিবেশনায় শ্রীশ্রী গণপতি দেবের সন্ধ্যা আরতি ও ঢাকের তালে তালে ধুনুচি নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানে শ্রীশ্রী গণেশ চতুর্থী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সত্যজিৎ দে, সাধারণ সম্পাদক শ্রী তুহিন বিশ্বাস, সহ-সভাপতি শ্রী নারায়ণ দে, শ্রী মানস দে, শ্রী পাপ্পু সেন ও শ্রী প্রিয়তোষ নন্দী, অর্থ সম্পাদক সুব্রত চৌধুরী, যুগ্ম সম্পাদক শ্রী ইন্দ্রজিৎ মজুমদার (শান্ত) ও শ্রী সুদীপ বিশ্বাস, সহ-অর্থ সম্পাদক শ্রী প্রান্ত দে, সহ-সাধারণ সম্পাদক অভি দাশ, অপু চৌধুরী, অভিজিৎ মজুমদার, শুভ চৌধুরী ও জনি দে উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রচার সম্পাদক শ্রী শিশির দে, আন্তর্জাতিক সম্পাদক শ্রী সৌরভ বিশ্বাস, সহ-পূজা বিষয়ক সম্পাদক শ্রী মিন্টু দে ও শ্রী সুমন দে, ভাণ্ডার রক্ষক শ্রী রূপক দে, শ্রীমদ্ভগবদ্গীতা বিষয়ক সম্পাদক শ্রী দীপ্ত দে, সহ-গীতা বিষয়ক সম্পাদক শ্রী রুদ্র দে, সাংস্কৃতিক সম্পাদক শ্রী দিগন্ত বিশ্বাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক বিজয় দাশ ও সদস্য লিখন দাশসহ শ্রীশ্রী গণেশ চতুর্থী সংঘের পরিচালনা পরিষদ ও উদযাপন পরিষদের সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে রাউজানের বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত নর-নারী সমবেত হন। পূজা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনে পুরো পূজাঙ্গন উৎসবমুখর হয়ে ওঠে।
১৬ সেপ্টেম্বর শ্রীশ্রী গণপতি দেবের প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানমালার পরিসমাপ্তি ঘটে।



















