যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিন কর্মী আটক
- Update Time : ০৮:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ Time View

যশোরের কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী ও যুবলীগের এক কর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী কেশবপুর উপজেলার রঘুরামপুর গ্রামের জালাল খানের ছেলে জাহাঙ্গীর আলম রকি এবং মণিরামপুর উপজেলার নোয়ালি জোলাপাড়া এলাকার শাহীনুর রহমানের ছেলে ফেরদৌস হোসেন। এছাড়া যুবলীগ কর্মী যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোল্লাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে জিল্লুর রহমান জুয়েল।পৃথক দুটি মামলায় তাদের রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই অমৃত দাস জানান, রকি ও ফেরদৌসের বিরুদ্ধে রাজারহাট পিকনিক কর্নার এলাকায় নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকায় ওই মামলায় তাদের আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, বসুন্দিয়া জঙ্গলবাঁধাল গ্রামে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জিল্লুর রহমান জুয়েলকে আটক দেখানো হয়েছে। রোববার তিনজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।



















