ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার
- Update Time : ০৮:৫১:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৮ Time View

আবু তালেব, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ২৫ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) ভোরে কুতুবপুর ইউনিয়নের রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তরুণের নাম সোহেল সরকার। তিনি সুনামগঞ্জ জেলার ধীরাই থানার নয়াগাও গ্রামের সুমেন সরকারের ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগের বরাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শেখ জানান, গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির ছাদে খেলছিল ওই শিশু। সে সময় কৌশলে তাকে ভবনের সিঁড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত সোহেল। শিশুটি চিৎকার শুরু করলে সোহেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে রাতে শিশুটি তার মাকে বিষয়টি জানালে পরিবার পুলিশকে অবহিত করে। অভিযোগ পাওয়ার পরপরই রাতেই অভিযানে নামে পুলিশ এবং বুধবার ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে সম্পন্ন করা হয়েছে।



















