প্রকৃতি সুন্দর, বখাটেরা কুৎসিত: বাহাগিলির ইকুয়েডা ব্রিজে পরিবার নিয়ে গেলেই হেনস্তা, মেম্বার-চেয়ারম্যান ও প্রশাসনের নীরবতা কেন?
- Update Time : ০৭:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫ Time View

নবাব, বিভাগীয় ক্রাইম রিপোর্টার
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে অবস্থিত ‘ইকুয়েডা ব্রিজ’ (ইকুইটা ব্রিজ) বর্তমানে এই অঞ্চলের অন্যতম প্রধান বিনোদন ও দর্শনীয় স্থান। চারপাশের মনোরম প্রকৃতি আর শান্ত পরিবেশ দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের মুগ্ধ করে। কিন্তু বাস্তবে এই সুন্দর পরিবেশের আড়ালে লুকিয়ে আছে এক চরম অস্বস্তিকর চিত্র। প্রকৃত পরিবেশ সুন্দর হলেও, কিছু বখাটে মানুষের কারণে এখানকার সামাজিক পরিবেশ দিন দিন বিষাক্ত হয়ে উঠছে। বর্তমানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে, পরিবার, আত্মীয়-স্বজন বা নারীদের নিয়ে একটু শান্তির খোঁজে এখানে ঘুরতে এলেই বখাটেদের চরম হেনস্তা (হ্যারাসমেন্ট) ও নোংরা কটূক্তির শিকার হতে হয়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই ব্রিজের ওপর ও আশপাশে একদল উশৃঙ্খল ও বকাটে যুবকের আড্ডা বসে। দূর-দূরান্ত থেকে যখন কোনো পরিবার বা ভদ্র মানুষ এখানে ঘুরতে আসেন, তখন এই বখাটেরা তাদের লক্ষ্য করে অশালীন মন্তব্য ছুড়ে দেয়। মান-সম্মানের ভয়ে সাধারণ মানুষ এদের সাথে ঝগড়া বা বিবাদে জড়াতে পারেন না, যার সুযোগ নিয়ে বখাটেদের উৎপাত দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। ফলে অনেকেই বাধ্য হয়ে মাঝপথ থেকেই চরম ক্ষোভ আর অসন্তুষ্টি নিয়ে ফিরে যাচ্ছেন।
এলাকাবাসীর মতে, এই পর্যটন স্থানটির পরিবেশ ও মান উন্নয়ন করা এখন সময়ের দাবি। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা যাতে কোনো ধরনের হ্যারাসমেন্ট বা হয়রানির শিকার না হয়ে নিরাপদে ও শান্তিতে ঘুরে বেড়াতে পারেন, সে জন্য অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, স্থানীয় মেম্বার (ইউপি সদস্য), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ এখন পর্যন্ত চোখে পড়েনি।
সচেতন মহল মনে করেন, এই সুন্দর পর্যটন কেন্দ্রটির মান রক্ষা করতে হলে সবার আগে বখাটেদের এই প্রকাশ্য উৎপাত বন্ধ করতে হবে। এ জন্য স্থানীয় বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারকে সরাসরি উদ্যোগ নিতে হবে। এলাকার জনপ্রতিনিধি হিসেবে তাদের দায়িত্ব এই বখাটেদের চিহ্নিত করে কঠোর সামাজিক ও আইনি ব্যবস্থা নেওয়া।
একই সাথে, ইকুয়েডা ব্রিজের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে এবং দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের নিয়মিত ও কঠোর টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও পর্যটকরা। প্রশাসন এবং জনপ্রতিনিধিরা দ্রুত এই বিষয়ে নজর দিয়ে ইকুয়েডা ব্রিজকে বখাটে মুক্ত করবেন—এমনটাই প্রত্যাশা সকলের।



















