পরিচয়হীন বৃদ্ধের চিরবিদায়
- Update Time : ১১:৪৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ২৫ Time View

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:
ফেনীতে আহত অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু; বহু চেষ্টা করেও মেলেনি পরিচয়, পৌর কবরস্থানে সম্পন্ন হলো দাফন।
ফেনীতে আহত অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাত বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ এক মাসেরও বেশি সময় হাসপাতালে কাটানোর পরও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত স্বজনহীন এই মানুষটির দাফন সম্পন্ন করেছেন স্থানীয় কিছু মানবিক মানুষ ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা।
জানা যায়, গত ১০ এপ্রিল ফেনীর বিসিক এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ সময় হাসপাতালের শয্যায় কাটালেও তার খোঁজে কোনো স্বজন বা পরিচিত মানুষ আসেননি।
হাসপাতাল সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে তার পরিচয় জানার চেষ্টা করা হয়। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI) আধুনিক প্রযুক্তির সহায়তায় কয়েক দফা ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক ট্র্যাকিংয়ের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। তবে কোনো তথ্যভাণ্ডারেই তার পরিচয়ের মিল পাওয়া যায়নি।
অবশেষে শনিবার (১৬ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার (১৮ মে) বিকেলে ফেনী জেনারেল হাসপাতালের মর্গ থেকে মরদেহ নিয়ে ফেনীর সুলতানপুর পৌর কবরস্থানে মুসলিম রীতি অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হয়।
শেষ বিদায়ের সময়ও পাশে ছিলেন না কোনো স্বজন। অপরিচিত কিছু মানুষই তার গোসল, জানাজা ও দাফনের দায়িত্ব পালন করেন। পরিচয়হীন এই মানুষটির নীরব বিদায় অনেকের মনেই নাড়া দিয়েছে গভীর মানবিক বেদনা।
স্থানীয়দের ধারণা, কোথাও না কোথাও হয়তো এখনো কোনো পরিবার তাদের নিখোঁজ প্রিয় মানুষটির অপেক্ষায় রয়েছে। তাই কেউ যদি ছবির এই মানুষটিকে চিনে থাকেন কিংবা কোনো নিখোঁজ ব্যক্তির সঙ্গে তার মিল খুঁজে পান, তবে সংশ্লিষ্ট পরিবারকে বিষয়টি জানানোর অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
সবশেষে অনেকেই প্রার্থনা করেছেন— মহান আল্লাহ যেন এই অসহায় মানুষটিকে জান্নাত নসিব করেন এবং পরকালে তার সকল একাকীত্ব দূর করে দেন।



















