দুমকীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক
- Update Time : ০৪:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ Time View

সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকীতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার খান নামে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ। উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার পর তাকে আটক করা হয়। তবে দেলোয়ার খান তার বিরুদ্ধে আনা অভিযোগকে ষড়যন্ত্র দাবি করেছেন।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ওই স্কুলছাত্রী ফুফুর বাড়িতে যাওয়ার পথে পায়রা টোল প্লাজার পশ্চিম পাশে খানবাড়ি-সংলগ্ন এলাকায় পৌঁছালে দেলোয়ার খান তাকে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় শিশুটি বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ এবং জামা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। পরে শিশুটি অভিযুক্তকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে দুমকী থানায় অভিযোগ করা হয়।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতো. সেলিম উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর দেলোয়ার খানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার তথ্য সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুর বক্তব্য নেওয়ার সময় রাজিব নামে এক ব্যক্তি সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে। একইভাবে শিশুটির মায়ের বক্তব্য নেওয়ার সময়ও অপর এক ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর কয়েকজন ব্যক্তি মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলেন। তবে এ বিষয়ে কারও বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্তের কাছে টাকা দাবির অভিযোগও উঠেছে; তবে এর পক্ষে কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি।
অভিযুক্তের দাবি, ‘ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে’
অভিযোগ অস্বীকার করে দেলোয়ার খান বলেন, “আমি আওয়ামী লীগ করতাম। ৫ আগস্টের পর থেকেই আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আমার দোকান একবার ভাঙচুর করা হয়েছে। এখন ধর্ষণচেষ্টার অভিযোগে আমাকে ফাঁসানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















