দুমকিতে ১৫০ বছরের প্রতিমা চুরি, দীর্ঘ চার মাস পর উদ্ধার
- Update Time : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৩ Time View

মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকিতে মন্দির থেকে চুরি যাওয়া প্রায় ১৫০ বছরের পুরোনো পিতলের গোবিন্দ প্রতিমা উদ্ধার হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ রাজাখালীর বাসিন্দা তানভীর খান প্রতিমা দুটি দুমকি থানায় জমা দেন। পরে মন্দির কর্তৃপক্ষের কাছে প্রতিমা দুটি হস্তান্তর করে পুলিশ।
উপজেলার উত্তর রাজাখালী এলাকার চন্দ্র কুমার ফকির বাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গত ২৯ এপ্রিল রাতে চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে পূজা দিতে গিয়ে মন্দিরের মূল দরজার তালা ভাঙা দেখতে পান জোৎস্না রানী। পরে মন্দির থেকে পিতলের গোবিন্দ প্রতিমাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরি যাওয়ার বিষয়টি জানা যায়।
এ ঘটনায় মন্দিরের সভাপতি গোকুল গোস্বামী অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে দুমকি থানায় লিখিত অভিযোগ করেন। তবে চুরি যাওয়া মালামালের মধ্যে এখন পর্যন্ত শুধু প্রতিমা দুটি উদ্ধার হয়েছে। অন্যান্য সামগ্রীর সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন থেকে চার মাস আগে রাজাখালী সেতু এলাকায় তানভীর খান প্রতিমা দুটি কুড়িয়ে পান বলে দাবি করেন। পরে তিনি পিরতলা বাজারের দোলা গ্লাস হাউজের মালিক বিপুলের কাছে প্রতিমা দুটি ১ হাজার টাকায় বিক্রি করেন। এরপর বিপুলের কাছ থেকে প্রতিমা দুটি নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খামার ভবনের সহকারী খামার তত্ত্বাবধায়ক রবীন চন্দ্র শীলের কাছে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয় বলে তানভীরের ভাষ্য।
বিষয়টি জানাজানি হওয়ার পর তানভীর রবীন চন্দ্র শীলের কাছ থেকে প্রতিমা দুটি ফেরত নেন বলে দাবি করেন। পরে সোমবার বিকেলে তিনি সেগুলো দুমকি থানায় জমা দেন।
তবে চুরি যাওয়া প্রতিমা দুটি কীভাবে রাজাখালী সেতু এলাকায় গেল এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
মন্দিরের সভাপতি গোকুল গোস্বামী বলেন, “হারিয়ে যাওয়া প্রতিমা ফিরে পেয়ে আমরা খুশি। আমরা মামলা-মোকদ্দমায় যেতে ইচ্ছুক নই।”
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, প্রকৃত চোর শনাক্ত না হওয়ায় এবং বাদীপক্ষের কোনো দাবি না থাকায় প্রতিমা দুটি তাঁদের হেফাজতে দেওয়া হয়েছে























