ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’
- Update Time : ১১:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৯ Time View

রাসেল হোসেন ঝিনাইদহ:বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ বেতার ঢাকার জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের উদ্যোগে শহরের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
সজীব দত্তের সঞ্চালনায় মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা বাল্যবিবাহের ক্ষতিকর সামাজিক ও স্বাস্থ্যগত প্রভাব তুলে ধরে এবং এ প্রতিরোধে তরুণদের ভূমিকা নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি শিশুর শৈশব ও শিক্ষাজীবন ধ্বংস করার পাশাপাশি তার স্বাভাবিক মানসিক ও শারীরিক বিকাশের পথ রুদ্ধ করে দেয়। এই কুফল থেকে সমাজকে মুক্ত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
আয়োজনের শেষ পর্বে উপস্থিত সকলে বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে সচেতনতা তৈরির জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।



















