জীবননগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- Update Time : ১০:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ৩ Time View

জীবননগর প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় জীবননগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। আগামী তিন মাস এই দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।
এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং উপজেলার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এসময় বক্তারা ডেঙ্গু মশার বংশবৃদ্ধি রোধে নিজেদের বসতবাড়ি ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার প্রমুখ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উদ্বোধনী আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে এলাকায় একটি বিশেষ পরিচ্ছন্নতা র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
























