ঘূর্ণিঝড়ের শঙ্কায় পাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় দুমকিতে কৃষকেরা
- Update Time : ০৫:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৯ Time View

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সম্ভাব্য ঝড়-বৃষ্টি ও অতিবৃষ্টির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পটুয়াখালীর দুমকি উপজেলার কৃষকেরা। মাঠে এখন পাকার অপেক্ষায় আমন ধান। আর মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যে ধান কাটার উপযোগী হবে। এমন সময়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হলে পাকা ধান মাটিতে নুয়ে পড়া, জমিতে পানি জমে ফসল নষ্ট হওয়াসহ নানা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। একই সঙ্গে শীতকালীন সবজির আবাদ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
বুধবার রাত থেকে দুমকিসহ দক্ষিণ উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে আমন ধান ঘরে তোলা নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের কৃষক শাহজাহান মুন্সী, লেবুখালী ইউনিয়নের পূর্ব কার্ত্তিকপাশা গ্রামের আবদুল খালেক শরীফ, শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের আমির হোসেন মৃধা ও স্যানের চর এলাকার কৃষক সুলতান খান জানান, এ বছর তাঁদের জমিতে আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। এখন শুধু ধান পাকার অপেক্ষা। কিন্তু অগ্রহায়ণ মাসের প্রথম দিকে ঘূর্ণিঝড় বা ভারী বৃষ্টি হলে তাঁদের সেই প্রত্যাশায় ভাটা পড়তে পারে।
কৃষকেরা বলেন, ঝড়ো বাতাসে পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়লে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। অন্যদিকে অতিবৃষ্টিতে জমিতে পানি জমে থাকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে একদিকে ফসল কাটতে সমস্যা হবে, অন্যদিকে ধান শুকানো ও ঘরে তোলাও কঠিন হয়ে পড়বে। ফলে সারা বছরের পরিশ্রমের পাশাপাশি উৎপাদন খরচ ওঠানো নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।
তাঁদের ভাষ্য, আমন ধান ঘরে তোলার এই সময়টিতে কৃষকেরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন। বীজতলা তৈরি থেকে শুরু করে জমি প্রস্তুত, চারা রোপণ, সার ও কীটনাশক প্রয়োগ—সব মিলিয়ে দীর্ঘ সময়ের পরিশ্রম ও অর্থ বিনিয়োগের পর এখন ফসল ঘরে তোলার পালা। এমন মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে তাঁদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
কৃষকদের প্রত্যাশা, ঘূর্ণিঝড়ের প্রভাব দ্রুত কেটে যাবে এবং আবহাওয়ার উন্নতি হবে। এতে বড় ধরনের ক্ষতি ছাড়াই মাঠের আমন ধান ও শীতকালীন সবজি ঘরে তুলতে পারবেন তাঁরা।




















