কালিগঞ্জে তুলার গোডাউনে আগুন, পুড়ল কয়েক লাখ টাকার তুলা ও ঝুট
- Update Time : ০৬:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা তুলা ও ঝুট পুড়ে প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পরমান্দকাটি গ্রামে মৌতলা বাসস্ট্যান্ডের পাশে কাজী মোহর আলীর মালিকানাধীন বিসমিল্লাহ তুলার গোডাউনে এ আগুন লাগে।
স্থানীয়রা জানান, গোডাউনের ভেতর থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে তারা কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা তুলা ও ঝুট পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।














