কালিগঞ্জের শিবপুরে বেহাল রাস্তার বলি আরশাদ শেখ! অসুস্থ হয়ে দোলনায় করে নেওয়ার পথে মর্মান্তিক মৃত্যু
- Update Time : ১০:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামে চলাচলের রাস্তার বেহাল দশার কারণে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। ১০ সেপ্টেম্বর অসুস্থ হওয়ার পর আরশাদ শেখ নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে দোলনায় করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার খানাখন্দ ও চলাচলের অনুপযোগী অবস্থার কারণে সাধারণ মানুষের পাশাপাশি অসুস্থ রোগীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।
১০ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন আরশাদ শেখ। পরে তাকে চিকিৎসার জন্য বাড়ি থেকে দোলনায় করে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন পরিবারের সদস্যরা। তবে বেহাল রাস্তা দিয়ে দোলনায় করে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে থাকায় জরুরি মুহূর্তে রোগীকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুর রহমান বলেন, “রাস্তাটি টেন্ডার হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজও কাজ শুরু হয়নি। আজ একটি তাজা প্রাণ চলে গেল—বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত রাস্তাটির কাজ শুরু হয় এবং এলাকাবাসীর দুর্ভোগের অবসান ঘটে।”
এলাকাবাসী দ্রুত রাস্তাটির নির্মাণকাজ শুরু করে স্বাভাবিক ও নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছে।



















