আগৈলঝাড়ায় মাদকমুক্ত গ্রাম গঠনে পশ্চিম আমবৌলার ঐক্যবদ্ধ অঙ্গীকার
- Update Time : ০৮:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ৪ Time View

মো:আশরাফ বরিশাল ক্রাইম রিপোর্টার:-
“আমার গ্রাম, আমার গর্ব, মাদকমুক্ত পশ্চিম আমবৌলা আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম আমবৌলা গ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) এলাকার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ সভায় মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মনসুর আলী গাজী। অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে একটি মাদকবিরোধী সামাজিক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী।
সদস্য সচিবের দায়িত্ব পান রকিবুল ইসলাম গাজী। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম চৌধুরী, সোহান গাজী, সাজ্জাদ গাজী, সুজন গাজীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় কমিটির সভাপতি সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন,
যারা বর্তমানে মাদক সেবন করেন বা কোনোভাবে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তাদের জন্য এখনো সুস্থ জীবনে ফিরে আসার সুযোগ রয়েছে। তিনি সবাইকে মাদকের পথ পরিহার করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে।সভায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সন্ধ্যার পর কেরাম বোর্ড বা অপ্রয়োজনীয় আড্ডায় সময় নষ্ট না করে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন থাকার অনুরোধ জানানো হয়, যাতে তারা কোনোভাবেই মাদক বা অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে না পড়ে।
বক্তারা আরও বলেন, পশ্চিম আমবৌলাকে মাদকমুক্ত গ্রাম হিসেবে গড়ে তুলতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, সন্দেহভাজন মাদক কারবারিদের বিষয়ে প্রশাসনকে তথ্য প্রদান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপস্থিত সকলেই পশ্চিম আমবৌলাকে একটি মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেন। তাদের প্রত্যয়, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।



















