সৃজনী স্কুল অ্যান্ড কলেজ অটোমেশন সফটওয়্যার উদ্বোধন করলেন পবিপ্রবি উপাচার্য
- Update Time : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩ Time View

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিচালিত সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যারটির উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। সভা সঞ্চালনা করেন সৃজনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম জহুরুল হক, বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন সৃজনী স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, বরিশাল বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সৃজনী বিদ্যানিকেতনের একটি সুপরিচিত অবস্থান রয়েছে। প্রতিষ্ঠানটিকে বিভাগের মধ্যে প্রথম সারিতে দেখতে চান তাঁরা। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিচালনা কমিটিকে আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপাচার্য বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার সব সময় আধুনিক প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সৃজনী স্কুল অ্যান্ড কলেজও পূর্ণাঙ্গ ডিজিটাল ও অটোমেশন ব্যবস্থার আওতায় আসছে।
তিনি আরও বলেন, বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ এবং নির্ভুল করতে অটোমেশন সফটওয়্যারের বিকল্প নেই।
এ সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম, উপস্থিতি, পরীক্ষার ফলাফল প্রকাশ, বেতন ও ফি আদায় এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। এতে সময়ের অপচয় কমার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
সফটওয়্যারটি তৈরি ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, প্রযুক্তি কাজকে সহজ করে দিলেও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার।
শিক্ষকদের দ্রুত নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিয়ে এর সর্বোচ্চ সুফল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, নতুন এ ব্যবস্থার ফলে ঘরে বসেই সন্তানের পড়াশোনার অগ্রগতি ও উপস্থিতির নিয়মিত তথ্য জানা যাবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।




















