লোহাগাড়ার বিআরডিবির অর্থ আত্মসাতের মামলায় মাঠ সহকারী খাইরুল ইসলামের ১৩ বছরের কারাদণ্ড
- Update Time : ১১:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৩ Time View

দুর্নীতির মাধ্যমে নড়াইলের লোহাগড়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অর্থ আত্মসাতের মামলায় মাঠ সহকারী খাইরুল ইসলামকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। এ ছাড়া রায়ে আত্মসাৎকৃত ১ লাখ ৬৮ হাজার ১৪৬ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার বিনোদনগর গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে। তিনি উপজেলা বিআরডিবির মাঠ সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
মামলার অভিযোগে জানা গেছে, খাইরুল ইসলাম ২০০৪ সালের ৩০ অক্টোবর বিআরডিবিতে চুক্তিভিত্তিক নিয়োগ পান। লোহাগড়া উপজেলা বিআরডিবির সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির (সদাবিক) ১৩টি দলের সদস্যদের কাছ থেকে কিস্তির টাকা আদায়ের দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু সরকারি নিয়মনীতি অমান্য করে আদায় করা টাকা ব্যাংক বা অফিসে জমা না দিয়ে নিজের কাছে রাখেন। অফিস কর্তৃপক্ষ বারবার তাগিদ দিয়েও তার কাছ থেকে টাকা ফেরত পায়নি।
পরে তদন্তে তাঁর কাছে ২ লাখ ৬৮ হাজার ২৮০ টাকা পাওনা থাকার বিষয়টি উঠে আসে। এ টাকা জমা দেওয়ার জন্য তাকে নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর খাইরুল ইসলাম তিনটি ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করা ১ লাখ ১৩৪ টাকা ফেরত দেন। বাকি ১ লাখ ৬৮ হাজার ১৪৬ টাকা ফেরত না দিয়ে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেন।
এ ঘটনায় ২০১৮ সালের ৩০ এপ্রিল বিআরডিবির কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি খাইরুল ইসলামকে অভিযুক্ত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোশাররফ হোসেন ২০২০ সালের ১৯ জানুয়ারি নড়াইলের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র জমা দেন। পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য যশোরের স্পেশাল জজ আদালতে পাঠানো হয়।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি খাইরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাঁকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে উভয় ধারার সাজা একসঙ্গে চলবে বলে উল্লেখ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম বর্তমানে কারাগারে আটক রয়েছেন।




















