রাজাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আমেজ
- Update Time : ০৪:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ২৬ Time View

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি জেলা প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের বিভিন্ন সড়কে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। আগামী ২৮ অক্টোবর র্যালি ও আলোচনা সভায় প্রায় ১০ হাজার মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজাপুর উপজেলা সদরে বিএনপির প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন যুবদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, সদস্যসচিব সৈয়দ নাজমুল হক,রাজাপর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ মোস্তফা নিপু সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের বাইপাস মোড়, উপজেলা সড়ক, থানা রোড, বাজার রোড, স্কুল মার্কেট ও বাগড়ি বাজার এলাকায় বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজাপুরে আগে এ ধরনের আলোকসজ্জা দেখা যায়নি।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যাশা করছেন তাঁরা।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর সকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হবে। একই দিন বিকেলে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, ২৮ অক্টোবর বিকেল ৩টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করা হবে। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হবে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের প্রত্যাশা, র্যালি ও আলোচনা সভায় প্রায় ১০ হাজার মানুষের সমাগম হবে। অনুষ্ঠানে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি এবং কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

























