রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড় ও গার্মেন্টসের দোকান পুড়ে ছাই
- Update Time : ০৭:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১০ Time View

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠির রাজাপুর থানা রোডস্থ প্রেসক্লাব সংলগ্ন মোশারফ হোসেনের কাপড় ও গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানটির সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। ফলে দোকানে থাকা কাপড়, গার্মেন্টস সামগ্রী ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
দোকান মালিক মোশারফ হোসেন জানান, আগুনে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “ঋণ করে ব্যবসা পরিচালনা করছিলাম। এই দোকানই ছিল আমার একমাত্র আয়ের উৎস। আগুনে সবকিছু শেষ হয়ে গেছে। আজ আমি নিঃস্ব হয়ে গেছি।”
তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসা পুনরায় চালু করতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।



















