বিদ্যুৎ এর টাওয়ারের ওপর যুবক অক্ষত উদ্ধার
- Update Time : ১২:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১২৫ Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় গ্রিডের ৪ লাখ ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের চূড়ায় উঠে বসে থাকা এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ফকিরহাট এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের নাম তানজিব (২৫)। স্থানীয়রা জানান, জাতীয় গ্রিডের বিশাল আকৃতির বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের একেবারে চূড়ায় এক যুবককে বসে থাকতে দেখা যায়। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের এত উঁচুতে তাকে দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধর্মীয় নিয়ম মেনে হ্যান্ড মাইক দিয়ে অনেক আজান দেওয়া হয় পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দুর্ঘটনার আশঙ্কায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে সঞ্চালন লাইনের সংযোগ সাময়িক ভাবে বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়। পরে দীর্ঘ প্রচেষ্টার পর যুবকটিকে নিরাপদে টাওয়ার থেকে নিচে নামিয়ে আনা হয়। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে টাওয়ারের নিচে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় করেন। কীভাবে এবং কী কারণে তানজিব এত ঝুঁকিপূর্ণভাবে ৪ লাখ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের চূড়ায় উঠেছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, জাতীয় গ্রিডের টাওয়ারের ওপর থেকে যুবকটিকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইনের এত কাছে থেকেও যুবকটি অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাটিকে অলৌকিক বলে মন্তব্য করছেন।


























