দেব হাটায় শহীদ হোসেন আলীর পরিবারের জন্য নির্মিত নতুন ঘর উদ্বোধন করেন এমপি খালেক
- Update Time : ০৬:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ২২ Time View

জিএম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের শহীদ হোসেন আলীর পরিবারের জন্য ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন বাসগৃহের শুভ উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের একক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় বাড়িটি নির্মাণ করা হয়।
২৩ শে অক্টোবর (শুক্রবার ) সখিপুরে আনুষ্ঠানিক ভাবে নবনির্মিত বাড়িটি শহীদ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ উদ্যোগের মাধ্যমে আবাসন সংকটে থাকা পরিবারটির দীর্ঘদিনের একটি মৌলিক চাহিদা পূরণ হলো।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুব আলম, দেবহাটা উপজেলা শাখার আমির আলহাজ্ব মাও: অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াকুব আলী, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইনুদ্দিন ময়না এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ হোসেন আলীর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক চাহিদা পূরণে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের উদ্যোগে নতুন বাসগৃহ নির্মাণ ও হস্তান্তর শহীদ পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতার একটি দৃষ্টান্ত।বক্তারা আরও বলেন, সমাজের অসহায় ও সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ হোসেন আলীর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




















