দুমকীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১
- Update Time : ০৯:১৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ২০ Time View

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর দুমকীতে সড়ক দুর্ঘটনায় আঃ রাজ্জাক (৫২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত ৩টায় উপজেলার সাতানী কালভার্টসংলগ্ন বাউফল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঃ রাজ্জাক উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম ঝাটরা গ্রামের বাসিন্দা ও মৃত সামছুল হক হাওলাদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-হ ১১-২৯৩২ নম্বরের একটি লাল রঙের বাজাজ সিটি ১০০ মোটরসাইকেলে করে দুমকি থেকে লেবুখালীর দিকে যাচ্ছিলেন আঃ রাজ্জাক।
মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন মো. রফিক গাজী (৫৫)। পথিমধ্যে সাতানী কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়।
এতে চালক আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেলের অপর আরোহী রফিক গাজী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
নিহতের পরিবার জানায়, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরে অ্যাম্বুলেন্সযোগে আঃ রাজ্জাককে বরিশালে নেওয়া হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির সামনে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দুর্ঘটনার বিষয়ে নিহতের ছেলে মো. রাসেল বলেন, “কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আমরা বিস্তারিত কিছু জানতে পারিনি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

















