ঢাকুরিয়া বাজারে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সভাপতি হান্নান ও সম্পাদক টুকনের প্রশংসায় ব্যবসায়ীরা
- Update Time : ০৩:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ২৬ Time View

এমদাদুল হক ক্রাইম রিপোর্টার মনিরামপুর
যশোরের মনিরামপুর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ঢাকুরিয়া বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকুরিয়া বাজার বণিক সমিতি। বাজারে দীর্ঘদিন ধরে ঘটে আসা চুরি, ছিনতাই, ডাকাতির চেষ্টা এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৫ থেকে ৩০টি আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বণিক সমিতির এ উদ্যোগকে ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষ ব্যাপকভাবে সাধুবাদ জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি বাজারে রাতের বেলায় কয়েকটি চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। বাজারে রাতের প্রহরী নিয়োজিত থাকলেও কীভাবে দোকান থেকে মালামাল চুরি হচ্ছে, তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ীর ধারণা, দায়িত্ব পালনে অবহেলা কিংবা দুর্বল নজরদারির সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরচক্র এসব অপকর্ম সংঘটিত করে থাকতে পারে। ফলে বাজারের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের দাবি দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের মধ্যে ছিল।
ব্যবসায়ীদের সেই দাবির প্রেক্ষিতে ঢাকুরিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান এবং সাধারণ সম্পাদক আবিদুর রহমান টুকনের সার্বিক তত্ত্বাবধানে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। ইতোমধ্যে বাজারের প্রবেশ ও বাহির পথ, গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা এবং জনসমাগমপূর্ণ স্থানগুলো ক্যামেরার আওতায় আনা হয়েছে।
এ বিষয়ে বণিক সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান বলেন,
ঢাকুরিয়া বাজার শুধু একটি বাজার নয়, এটি এ অঞ্চলের হাজারো মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ব্যবসায়ীরা যাতে নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেটি নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। চুরি, ডাকাতি, ছিনতাই এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেছি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে এবং অপরাধ সংঘটনের প্রবণতাও কমে আসবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন,
ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, আমরা তা করতে প্রস্তুত। বাজারের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বণিক সমিতি সবসময় কাজ করে যাবে।
বণিক সমিতির সাধারণ সম্পাদক আবিদুর রহমান টুকন বলেন,
নির্বাচনের সময় আমরা ব্যবসায়ীদের কাছে একটি নিরাপদ, আধুনিক ও সুশৃঙ্খল বাজার গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা বাজারে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন,
ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় ব্যবসায়ীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
এদিকে বণিক সমিতির এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ীরা। তারা জানান, বর্তমান নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর থেকেই বাজারের উন্নয়ন, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। সিসি ক্যামেরা স্থাপন তারই একটি উল্লেখযোগ্য উদাহরণ।
বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা বিশ্বাস করি, সঠিক নেতৃত্বের কারণেই আজ বাজারে দৃশ্যমান পরিবর্তন এসেছে। সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান টুকন সবসময় বাজারের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং বাজারকে আধুনিক ও নিরাপদ করতে তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
তারা আরও বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধীরা সহজে পার পাবে না। কোনো ঘটনা ঘটলে দ্রুত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। ফলে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে এবং বাজারে আরও সুন্দর পরিবেশে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর ফলে ঢাকুরিয়া বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। পাশাপাশি চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ। ফলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্যই ঢাকুরিয়া বাজার আরও নিরাপদ ও আস্থার জায়গায় পরিণত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


















