জীবননগরে র্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ গ্রেপ্তার ২
- Update Time : ০১:০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১২ Time View

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৭ বোতল নেশাজাতীয় স্ক্যার্ফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (সিপিসি-৩), মেহেরপুরের একটি দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাজু আহমেদ (২৫) ও মো. মনিরুজ্জামান ওরফে মনির (২৩)।
র্যাব জানায়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় সিপিসি-৩, মেহেরপুরের একটি আভিযানিক দল সদরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৯৭ বোতল নেশাজাতীয় স্ক্যার্ফ সিরাপ এবং একটি মোটরসাইকেলসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে র্যাব কাজ করে যাবে।





















