কালিগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় চাঁচাই বৃক্ষমেলা, বিপাকে দূর-দূরান্তের নার্সারি ব্যবসায়ীরা
- Update Time : ০৭:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ১৪ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে চাঁচাই বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা নার্সারি মালিক ও ব্যবসায়ীরা। নির্ধারিত সময়ে উদ্বোধন অনুষ্ঠান না হওয়ায় মেলা প্রাঙ্গণে গাছের চারা ও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে অপেক্ষা করছেন তারা।
শুক্রবার (২ অক্টোবর) সকালে সরেজমিনে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিভিন্ন নার্সারি মালিক ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা নিয়ে নিজ নিজ স্টলে অবস্থান করছেন। পাশাপাশি শিশুদের খেলনাসহ বিভিন্ন পণ্যের দোকানও প্রস্তুত রয়েছে। মেলার আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হলেও আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় মূল কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চাঁচাই বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। এতে আগে থেকেই মেলায় এসে অবস্থান নেওয়া ব্যবসায়ীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ বৃক্ষমেলাকে ঘিরে নার্সারি মালিকদের মধ্যে শুরু থেকেই উৎসাহ-উদ্দীপনা ছিল। মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে অংশ নিয়েছেন দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা।
মেলায় অংশ নেওয়া নার্সারি মালিকরা বলেন, ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান—সবুজে ভরে উঠুক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ ও পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের বৃক্ষমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, অনেকেই দূর-দূরান্ত থেকে গাছের চারা ও বিভিন্ন পণ্য নিয়ে মেলায় এসেছেন। কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় প্রত্যাশিতভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করা যাচ্ছে না। দ্রুত উদ্বোধন সম্পন্ন হলে দর্শনার্থীদের উপস্থিতি বাড়বে এবং মেলা প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন তারা।

















