আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে প্রথমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়
- Update Time : ০১:১৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ৪ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রথমবারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘রিজিওনাল ইরাসমাস প্লাস ক্লাস্টার মিটিং অ্যান্ড কন্টাক্ট-মেকিং সেমিনার ফর এশিয়া, দ্য মিডল ইস্ট অ্যান্ড দ্য প্যাসিফিক ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশগ্রহণ করেছে।
সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সানওয়ে রিসোর্ট হোটেলে দুই দিনব্যাপী সম্মেলনটি শুরু হয়।
এতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পাওয়া তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ৫০টিরও বেশি দেশের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রাফায়েল ডায়ের, দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি দিরাজা জামব্রি আবদুল কাদির এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শাফরি বিন মোহাম্মদ রহিম।
অনুষ্ঠানে আরও অংশ নেন মালয়েশিয়ায় ইরাসমাস প্লাসের ন্যাশনাল ফোকাল পয়েন্টের প্রতিনিধি মোহাম্মদ আরিফিন বিন আবু হাসান। সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক এবং আন্তর্জাতিক সহযোগিতা ও গতিশীলতা সমন্বয়ক (কো-অর্ডিনেটর, ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড মোবিলিটি) মশিউর রহমান।
আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বলেন, ‘প্রথম দিনেই প্রায় ২০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে সরাসরি আলোচনা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে সৌদি আরবের প্রতিনিধিরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর আশাবাদ ব্যক্ত করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর করা নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার সুফল শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং ইরাসমাস প্লাস প্রকল্পে অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি।’
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হলো ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা।




















