সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৩
- Update Time : ১১:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ৮ Time View

আবু তালেব,স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আরও এক শ্রমিকের মৃত্যুর পর এই সংখ্যা নিশ্চিত করেছে হাসপাতাল ও স্থানীয় সূত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে দুপুরে জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ভেতরের ক্যান্টিনে হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ক্যান্টিনে থাকা আসবাবপত্র চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং সেখানে কর্মরত ও অবস্থানরত বেশ কয়েকজন শ্রমিক গুরুতর দগ্ধ ও আহত হন।
ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
বিস্ফোরণের দিন এবং পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সর্বশেষ আজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যাওয়ায় এই মর্মান্তিক ঘটনায় মোট মৃতের সংখ্যা ৩ জনে পৌঁছালো। নিহতরা সবাই বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিন ও সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, ক্যান্টিনের গ্যাস লাইনে বা সিলিন্ডারে দীর্ঘক্ষণ লিকেজ থাকার কারণে পুরো ঘরে গ্যাস জমে ছিল। পরবর্তীতে আগুন জ্বালানোর সাথে সাথেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
এই ঘটনায় এলাকায় এবং বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে ওই এলাকায় নিরাপত্তা ও গ্যাস লাইনের ত্রুটি খতিয়ে দেখতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















