সুনামগঞ্জের শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার
- Update Time : ০৯:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ২০ Time View

তৌফিকুর রহমান তাহের,বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ):সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৩০০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. সোহেল মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর দিবাগত রাতে উপজেলার বাহাড়া ইউনিয়নের প্রতাপপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সোহেল মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মুরাদপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে শাল্লা থানার এসআই (নি:) মো. কামাল উদ্দিন ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বাহাড়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত আড়াইটার দিকে প্রতাপপুর শ্মশানঘাট এলাকা থেকে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সোহেল মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-৩) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল জানান, মাদকের বিরুদ্ধে শাল্লা থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালু থাকবে।




















