শ্যামনগর বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর নামে এক যুবক নিহত
- Update Time : ০৪:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৪ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মন্ডল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার বংশীপুরস্থ লস্কর ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর মন্ডল খুলনা জেলার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুভঙ্কর কয়েক দিন আগে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে বংশীপুর লস্কর ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২০১১) তার মোটরসাইকেলটিকে পাশ থেকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শুভঙ্করের মর্মান্তিক মৃত্যু হয়।ঘটনার পরপরই স্থানীয় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ওসি মো. শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে এবং ঘাতক বাসটিকে জব্দ করার পাশাপাশি চালক ও হেলপারকে আটকে আইনগত প্রক্রিয়া চলমান।
























