রাস্তার ওপর ময়লা ফেলার প্রতিবাদ, জীবননগরে চারজনকে কুপিয়ে জখম
- Update Time : ১০:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৩ Time View

জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে রাস্তার ওপর ময়লা ফেলার প্রতিবাদ করাকে কেন্দ্র করে চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। হামলায় আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় নতুনপাড়া গ্রামের একটি রাস্তার ওপর ময়লা ফেলা নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মনির, পিতা—নাজিমুদ্দিন, হাশেম, বিদ্যুৎ, রুহুল, আহসান, ওয়াসিম ও হাসিবুলসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও হাসুয়া নিয়ে রিয়াজ, সুখী, ফারুক ও তামিমসহ কয়েকজনের ওপর হামলা চালান।
এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করেন। হামলায় আহতদের শরীরের বিভিন্ন স্থানে কাটা ও জখমের চিহ্ন রয়েছে। হঠাৎ এমন হামলায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
হাসপাতালে আহতদের স্বজনদের কান্না ও আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনরা জানান, একটি রাস্তার ওপর ময়লা ফেলার মতো বিষয়কে কেন্দ্র করে এমন নৃশংস হামলার ঘটনায় তারা আতঙ্কিত। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয়রাও বলছেন, তুচ্ছ কোনো বিষয়কে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষ ও ধারালো অস্ত্রের ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “ঘটনাটি আমি শুনেছি। বাদীপক্ষ মামলা করলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর নতুনপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

























