রাজাপুরে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার।
- Update Time : ০৪:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৭ Time View

ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি মো. রাজিব জমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজিব জমাদ্দার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামের আব্দুস ছত্তার জমাদ্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের উত্তর বাগড়ি গ্রামের ব্যবসায়ী পরিমল হালদারের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, রুপার সামগ্রী, টর্চলাইট, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বাটন ফোন লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় পরিমল হালদার ও তার ছেলে পলাশ হালদার গুরুতর আহত হন।
এ ঘটনায় ১৯ জুলাই পরিমল হালদার বাদী হয়ে রাজাপুর থানায় দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-১৬। মামলার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি রাজিব জমাদ্দারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাজিব জমাদ্দারের বিরুদ্ধে নিজ এলাকা ছাড়াও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের ভিত্তিতে তার কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন-ডাকাতি মামলার প্রধান আসামি রাজিব জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



















