রংপুরে ড্রেন ও রাস্তার নির্মান কাজের উদ্ভোদন
- Update Time : ০৯:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ৩৮ Time View

রংপুরে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে চারটি রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন, ৩৩ নম্বর ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার কার্যক্রমের সূচনা
আজিজ,রংপুর প্রতিনিধি:রংপুর মহানগরীর নাগরিক দুর্ভোগ লাঘব, উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। এরই ধারাবাহিকতায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নগরীর ১৪ ও ১৮ নম্বর ওয়ার্ডে চারটি রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। পাশাপাশি ৩৩ নম্বর ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রামের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাস্তা ও ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের চলাচল সমস্যা, জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের উন্নতি এবং যানবাহন ও পথচারীদের চলাচলে স্বস্তি ফিরবে।
অন্যদিকে, ৩৩ নম্বর ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম চালুর ফলে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রংপুর সিটি কর্পোরেশনের এসব উদ্যোগকে নগর উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, পরিকল্পিতভাবে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক জীবনযাত্রার মানও আরও উন্নত হবে।
একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নাগরিকবান্ধব রংপুর গড়ে তুলতে রাস্তা, ড্রেনেজ, পানি নিষ্কাশন ও স্বাস্থ্যসেবার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরবাসীর প্রত্যাশা, উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে রংপুর সিটি কর্পোরেশন নগরীর প্রতিটি ওয়ার্ডে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।





















