বিশ্ববাজারে কমেছে তেলের দাম, দেশের বাজারে কত
- Update Time : ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ Time View

সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলা অব্যাহত থাকলেও দেশটি থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় কমেছে তেলের দাম।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা দশমিক ৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ০৬ ডলারে নেমেছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৯ সেন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে আরামকোর একটি তেল স্থাপনাও ছিলো।
তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।
অন্যদিকে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এতে ব্যাপক বৃদ্ধি পেয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম। রবিবার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অপারেশন-১ শাখার এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম আজ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকেই কার্যকর করা হয়েছে।
























