দুমকি মক্তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বলাৎকারচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
- Update Time : ০৯:২০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ২১ Time View

মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় এক মক্তব শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম (৫০)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহেব্বিয়া হাফেজিয়া ইলমুল ক্বিরাত দীনিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মক্তবে পাঠদানের জন্য অভিযুক্ত শিক্ষক এক ছাত্রকে নিজ বাসায় ডেকে নেন। বৃষ্টির কারণে অন্য কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় শিশুটি একা ছিল। এ সুযোগে শিক্ষক তার সঙ্গে বলাৎকারের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটি চিৎকার করে সেখান থেকে পালিয়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



















