ঝিনাইদহের কালীগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে লাঠিপেটা ও বাড়ি বের করে দেওয়ার অভিযোগ
- Update Time : ০৫:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ৯ Time View

রাসেল হোসেন,ঝিনাইদহ:ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়ার সন্দেহ ও বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে না দেওয়াকে কেন্দ্র করে নাজমিন খাতুন (২৫) নামে এক গৃহবধূকে কাঠের লাঠি দিয়ে মারধর করে এক বছর বয়সী সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জাহিদ হাসান শুভর বিরুদ্ধে। ১৩ নভেম্বর রাতে মহেশপুর উপজেলার ঈর্শডাঙ্গা গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বামীর দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার সন্দেহ প্রকাশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করেন স্বামী। পরে এক বছর বয়সী সন্তানসহ নাজমিনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। প্রাণভয়ে তিনি অন্যের বাড়িতে আশ্রয় নেন।
খবর পেয়ে নাজমিনের বাবা ওসমান গনি তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার বারবাজারের পিরোজপুর গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান। পরে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী নাজমিন খাতুন অভিযোগ করে বলেন, তাঁর স্বামী প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। চাহিদামতো টাকা দিতে না পারলে তাঁকে মারধর করা হতো। তাঁর দাবি, স্বামী বেকার ও মাদকাসক্ত। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, নাজমিন খাতুনের শরীরে ফোলা ও রক্তাক্ত জখম রয়েছে। তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, গৃহবধূ নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


























