জীবননগরের কৃতি ফুটবলার মোজাম্মেল হকের মৃত্যু, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া
- Update Time : ১০:৪১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ৯ Time View

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃতি ফুটবলার ও দেশের ফুটবল অঙ্গনের পরিচিত মুখ মো. মোজাম্মেল হক আর নেই। তাঁর মৃত্যুতে জীবননগরসহ দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রাক্তন সতীর্থ, ক্রীড়ানুরাগী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মোজাম্মেল হক ছিলেন জীবননগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। স্কুলজীবন থেকেই তাঁর ফুটবল প্রতিভার বিকাশ ঘটে। ১৯৭৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী হিসেবে তিনি বিদ্যালয়ের হয়ে বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম অর্জন করেন। পরবর্তীতে দেশের বিভিন্ন খ্যাতনামা ক্লাব ও প্রতিষ্ঠানের হয়ে খেলেছেন তিনি এবং জাতীয় পর্যায়ের ফুটবলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
মাঠে তাঁর অসাধারণ নৈপুণ্য, নেতৃত্বগুণ ও খেলোয়াড়সুলভ আচরণ তাঁকে ক্রীড়াপ্রেমীদের কাছে করে তুলেছিল অত্যন্ত জনপ্রিয় ও সম্মানিত। খেলোয়াড়ি জীবনের বাইরেও তিনি ছিলেন একজন বিনয়ী, সজ্জন ও মানবিক মানুষ। এলাকার তরুণ ফুটবলারদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে তিনি সবসময় আন্তরিক ছিলেন।
জীবননগরের ফুটবলের ইতিহাসে মোজাম্মেল হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে একজন গুণী ক্রীড়াবিদকে হারাল জীবননগরবাসী।
মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।




















