জীবননগর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় সিরাপ ও মদ আটক
- Update Time : ১০:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ৬ Time View

জীবননগর(চুয়াডাঙ্গা)প্রতিনিধি:চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯৪ বোতল ভারতীয় সিরাপ ও ৪৫ বোতল ভারতীয় মদ আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৬-এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের দলিল মিয়ার আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। সুবেদার মো. আলী হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ৫৪ বোতল ভারতীয় উইন সিরেক্স সিরাপ (Win Cerex Syrup) আটক করা হয়।
এ ছাড়া ১৪ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৪/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকরাইল সড়কের পাশ থেকে অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় এসকুফ কফ সিরাপ (Eskuf Cough Syrup) আটক করা হয়। হাবিলদার সঞ্জয় কুমার সিংহের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
একই দিন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর হালদারপাড়া গ্রামের ফকিরের কলাক্ষেতের পাশ থেকে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবি। হাবিলদার মো. হেমায়েতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনটি অভিযানে সর্বমোট ১৯৪ বোতল ভারতীয় সিরাপ ও ৪৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। তবে কোনো অভিযানে মাদক বহনের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
১৪ নভেম্বর ২০২৬ তারিখে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।




















