চট্টগ্রামে লয়কারী সংগীত বিদ্যালয়ের নান্দনিক আয়োজন
- Update Time : ১২:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ৮ Time View

★ সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার-চট্টগ্রাম)
তাল, লয় ও সুরের আনন্দে, জীবন গড়ি নতুন ছন্দে” এই স্লোগানে চট্টগ্রামের নন্দিত সাংস্কৃতিক সংগঠন লয়কারী সঙ্গীত বিদ্যালয়ের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট এ অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সম্মাননা।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিশিষ্ট গীটার শিল্পী বেতার ও টিভি শিল্পী বাবুল কান্তি দে ও টিভি ও বেতার শিল্পী কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমি কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বেতার ও টিভি শিল্পী শিবু চৌধুরী, পরিচালক মুন্নী চক্রবর্ত্তী এবং বিশিষ্ট বংশী শিল্পী রনধীর দাশ উপস্থিত ছিলেন।
আবৃত্তিকার ও সংগীত শিল্পী সায়ন্তী ভট্টাচার্য্য এর চমৎকার সঞ্চালনায় এরপর আভোগী কানাড়া রাগে একক বাঁশি পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী রনধীর দাশ। প্রথমে তিনি বিলম্বিত ত্রিতালে পরে মধ্য লয়ে মত্ত তাল এবং দ্রুত লয়ে ত্রিতালে বাঁশিতে আলাপ, বিস্তার, তান পরিবেশন করেন। তাঁর অনবদ্য পরিবেশনা মুগ্ধ করে হল ভর্তি দর্শকদের। শিল্পীর সাথে যথাযথ তবলা সঙ্গত করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী অর্পা চৌধুরী। এরপর বিশিষ্ট গীটার শিল্পী বেতার ও টিভি শিল্পী বাবুল কান্তি দে ও টিভি ও বেতার শিল্পী কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমি কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক ঝুলন দত্তকে সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য লয়কারী সংগীত বিদ্যালয়ের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বেতার ও টিভি শিল্পী শিবু চৌধুরী। এসময় সংবর্ধিত ব্যক্তিরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, যেকোন সম্মাননা একজন শিল্পীকে নতুন করে কাজ করতে অনুপ্রেরণা যোগায়। তাঁরা সংগঠনের এই কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। সম্মাননা পর্ব শেষে শিবু চৌধুরীর পরিচালনায় এক ঝাঁক ক্ষুদে তবলা শিল্পী ত্রিতালে তবলার সমবেত লহড়া পরিবেশন করেন। ত্রিতালে সেলামী দিয়ে তাদের পরিবেশনা শুরু হয়। এরপর একে একে তারা কায়দা বিস্তার, টুকরা, পরণ ও চক্রদার পরিবেশন করে দর্শকের তুমুল করতালিতে সিক্ত হন। নান্দনিক এই অনুষ্ঠানে তবলা শিল্পী নিলম বিশ্বাসের একক তবলা কভার দর্শকদের অনাবিল আনন্দ প্রদান করেন।
এছাড়া শিল্পী পুনম চৌধুরীর কন্ঠে একক গান, নৃত্য প্রশিক্ষক সুচনা বনিকের পরিচালনায় “মাধুরী নৃত্যকলা একাডেমি” নৃত্য শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনা, অর্পা চৌধুরী ও অর্কি চৌধুরীর দ্বৈত তবলা কাভার, ছোটদের দ্বৈত সংগীত, ছোটদের তবলা কভার অনুষ্ঠানকে প্রাণবন্ত করে। সবশেষে বার্ষিক পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

















