কালীগঞ্জে র্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক
- Update Time : ১০:২০:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ৩০৭ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগঞ্জে র্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ মাদক কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মজুত করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৬ খুলনার সাতক্ষীরা ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে।
শুক্রবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে শনিবার বেলা ১টা পর্যন্ত পৃথক অভিযানে প্রথমে খানজিয়া গ্রাম থেকে মাদক কারবারি ইমরান হোসেন (৩০) কে আটক করা হয়। তিনি ওই গ্রামের খোরশেদ গাজীর ছেলে।
পরবর্তীতে ইমরানের দেওয়া তথ্য অনুযায়ী নলতা ইউনিয়নের সেহারা গ্রামে অভিযান চালিয়ে মূল হোতা কামাল হোসেন (৩৩) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত আকবর আলীর ছেলে এবং স্থানীয় মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন জড়িত বলে জানা গেছে।
র্যাব জানায়, কামাল হোসেন তার বাড়িতে ৬টি প্লাস্টিকের বস্তা ও ১টি ব্যাগে মোট ১৬৪৯ বোতল ফেনসিডিল মজুত রেখেছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিজ্ঞাসাবাদ শেষে সাতক্ষীরা র্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে। র্যাবের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।























