শৈলকুপায় অবৈধভাবে সার মজুদ: দুই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৫:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৭৮ Time View

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে সার মজুদ করার দায়ে দুই সার ডিলারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহফুজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ধলহচন্দ্র ইউনিয়নের সার ডিলার নিধির সাহা এবং উমেদপুর ইউনিয়নের সার ডিলার নায়েব আলী জোয়ার্দ্দার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপার বিভিন্ন ইউনিয়নের সারের গোডাউনে তদারকি অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, নিধির সাহা ও নায়েব আলী জোয়ার্দ্দার সারের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদ করে রেখেছেন। এছাড়া সারের বিক্রয় ও মজুদের নথিপত্রেও অসামঞ্জস্য পাওয়া যায়। সরকারি নিয়ম লঙ্ঘন করে সার মজুদের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ডিলারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মাহফুজুর রহমান বলেন, “কৃষকের স্বার্থ রক্ষায় এবং সারের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি চালানো হচ্ছে। কোনো ডিলার বা ব্যবসায়ী যদি অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে কৃষি অফিসের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ কৃষক ও সচেতন মহল।


























