কালিগঞ্জের কৃষ্ণনগরে ১৫ পিস ইয়াবাসহ চা বিক্রেতা আব্দুল হামিদ আটক
- Update Time : ০৯:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১৪ Time View

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ (সাতক্ষীরা):
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে মো. আব্দুল হামিদ (৪২)। তিনি স্থানীয় কৃষাণ মজদুর স্কুল মাঠের পূর্ব পাশে অবস্থিত একটি টিনের ছাউনি ও কাঠের বেড়া দিয়ে নির্মিত চায়ের দোকান পরিচালনা করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিদর্শক (ডিএসআই) জসিম উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার সকালে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



















