কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিপণনের রূপান্তর নিয়ে জবিতে সেমিনার
- Update Time : ১১:৫২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ৪৭ Time View

রাকিব মাহী, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগ ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিপণন ও বিপণনের রূপান্তর’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে বিশ্বব্যাপী ব্যবসা ও বিপণন ব্যবস্থাকে পরিবর্তন করছে এবং আধুনিক বিপণনে তথ্যনির্ভর কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সে বিষয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক সুলেমান বারুতচু। তিনি তাঁর বক্তব্যে বিপণন কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ভোক্তাদের আচরণ বিশ্লেষণ, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটে বিপণন খাতে এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোকপাত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক। তিনি বলেন, বর্তমান সময়ে বিপণন শিক্ষাকে যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক করতে প্রযুক্তির সঙ্গে শিক্ষার সমন্বয় অপরিহার্য। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা অর্জনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আগ্রহী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। বক্তাদের আলোচনা এবং অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে প্রধান বক্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে সেমিনার সফল করতে সহযোগিতা করা শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানানো হয়।
আয়োজকরা জানান, পরিবর্তনশীল ব্যবসায়িক বিশ্বে শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলতে এবং আধুনিক বিপণন বিষয়ে জ্ঞানচর্চা বিস্তারে ভবিষ্যতেও এ ধরনের একাডেমিক আয়োজন অব্যাহত থাকবে।



















