ভোরের সড়কে মর্মান্তিক দুর্ঘটনা,পটুয়াখালীতে প্রাণ গেল পিকআপচালকের,আহত-২
- Update Time : ০৭:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ২ Time View

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টার : পটুয়াখালীতে পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রবিবার (১৫ নভেম্বর) ফজরের নামাজের পর পটুয়াখালী সেতুর উত্তর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। আহত ব্যক্তিরা হলেন হারুন মোল্লা ও মরিয়ম বেগম।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘর থেকে বেরিয়ে সড়কে আসেন। এ সময় পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ দেখতে পান। সংঘর্ষের তীব্রতায় যানবাহন দুটি দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপ ভ্যানের চালক চান মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানটিতে বাসাবাড়ির মালামাল নিয়ে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে আসছিলেন চান মিয়া। অন্যদিকে বিসমিল্লাহির ফিলিং স্টেশনের একটি তেলের ট্যাঙ্কার পটুয়াখালী থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে পটুয়াখালী সেতুর উত্তর ঢালে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত হারুন মোল্লা ও মরিয়ম বেগমকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





















