কালীগঞ্জে পুলিশি অভিযানে আদম ব্যবসায়ী করিম আটক
- Update Time : ১১:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ২০১ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধিঃ
বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আদম ব্যবসায়ী আব্দুল করিমকে আটক করেছে পুলিশ।
আটককৃত আব্দুল করিম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের আশরাফ হোসেন গাইনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তিনি নড়াইল জেলায় আত্মগোপনে রয়েছেন জানতে পেরে সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল (বিপিএম)-এর নির্দেশে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহিব বিল্লাহের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল করিম সি আর ৩৪২/২৫ (কালিঃ), সি আর ৬৮২/২৪ (কালিঃ) এবং সি আর ৩৮/২৬ (কালিঃ) নম্বর মামলার আসামি। দীর্ঘদিন তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে তার গ্রেফতারের খবরে বুধবার বেলা ১১টার দিকে ধলবাড়িয়া ও রতনপুর ইউনিয়নের ভুক্তভোগীরা কালিগঞ্জের সোহরাওয়ার্দী পার্ক সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আব্দুল করিমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আত্মসাৎ করা কোটি টাকা ফেরতের দাবি জানান।






















