রাউজানে রাসবিহারী ধাম দাশপাড়ায় তিন দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা বিশেষ আকর্ষণ থিম “অন্ধ” প্রদর্শনী
- Update Time : ০৫:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৩ Time View

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী রাসবিহারী ধাম দাশপাড়ায় জগদ্ধাত্রী সংঘের উদ্যোগে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ বছর পূজাটি চতুর্থ বর্ষে পদার্পণ করছে। এবারের পূজার বিশেষ নিবেদন ও অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘অন্ধ’ শীর্ষক ব্যতিক্রমধর্মী থিম প্রদর্শনী। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য ধর্মীয় আচার-অনুষ্ঠান, গীতাপাঠ, ধর্মীয় আলোচনা সভা, ভক্তিমূলক সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
আয়োজিত কর্মসূচি অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে,
আগামী ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অধিবাস ও প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৮টা ৩০ মিনিটে পরিবেশিত হবে বিশেষ আকর্ষণীয় থিম প্রদর্শনী ‘অন্ধ’। রাত ১০টায় পরিবেশিত হবে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘ভক্তি’র ভক্তিমূলক সংগীত।
১৮ নভেম্বর বুধবার সকাল ৮টায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা ও চণ্ডীপাঠ। সকাল ১০টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করবেন অ্যাডভোকেট সৌমিত্র ভট্টাচার্য জয়। দুপুর ১২টায় বলিদান, দুপুর ১২টা ৩০ মিনিটে মায়ের ভোগ নিবেদন এবং দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ ও গ্রহণের আয়োজন থাকবে।
এদিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ধর্মীয় আলোচনা সভা। সন্ধ্যা ৭টায় মায়ের মঙ্গল আরতি ও ঢাকের তালে ধুনুচি নৃত্য পরিবেশিত হবে। রাত ৮টায় পুনরায় প্রদর্শিত হবে এবারের বিশেষ আকর্ষণীয় থিম ‘অন্ধ’। এর মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি সম্পন্ন হবে।
১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের প্রতিমা নিরঞ্জন।
আয়োজকরা জানান, সনাতন ধর্মীয় ঐতিহ্য, ভক্তি, আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ পূজার আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী পূজার সকল ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ, দর্শনার্থী ও ধর্মপ্রাণ সনাতনী সম্প্রদায়ের সকলকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
পূজাস্থল: রাসবিহারী ধাম, দাশপাড়া, রাউজান, চট্টগ্রাম।
আয়োজনে: জগদ্ধাত্রী সংঘ, রাউজান সার্বজনীন রাসবিহারী ধাম, দাশপাড়া।


























